এপিকটা ২০২৩ : যে তিন দলের হাতে বাংলাদেশের পতাকা
দশ বছর পর ফের হংকং এ বসেছে এশিয়া প্যাসিফিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ড-২০২৩। এবারের প্রতিযোগিতা হচ্ছে দেশটির সাইবার পোর্টে ১৬টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে। প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে তিনটি প্রতিষ্ঠান। বাংলাদেশের পতাকা বাহিরা হলেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেড, স্কেলি-ল্যাবস এবং ইজোরা সলিউশন লিমিটেড।
হংকং সরকারের প্রধান তথ্য কর্মকর্তার কার্যালয় এবং হংকং কম্পিউটার সমিতি যৌথ আয়োজনে প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির। সূত্রমতে, তিনি এবার এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিযোগী হিসেবে কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের চেয়ারম্যান এ এস এম রফিক উল্লাহ রোমেল, মশিউর রহমান, স্কেলি-ল্যাবস এর অনিক রহমান এবং ইজোরা সলিউশন লিমিটেড সিইও গোলাম জিলানী ও জিয়াউর রহমান সেখানে অবস্থান করছেন।
বুধবার বিভিন্ন ক্যাটাগরিতে এপিকটার বাকি ১৫টি রাষ্ট্র ও অর্থনৈতিক অঞ্চল থেকে আগত প্রতিযোগিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কনটেন্ট ম্যাটার্স লিমিটেড তাদের র্যাবিটহোল, স্কেলি-ল্যাবস এলএলসি তাদের এআই ইমেজ স্টুডিও প্রযুক্তি এবং ইজোরা সলিউশন স্মার্ট টেমপ্লেট কেইসট্র্যাক নিয়ে প্রতিযোগিতায় বিশ্ব জয়ের জন্য লড়বে।
এদিকে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সকল প্রতিযোগী, বিচারক এবং অন্যান্য প্রতিনিধিদের এপিকটা-২০২৩ এ স্বাগত জানান হংকং কম্পিউটার সোসাইটির (এইচকেসিএস) প্রেসিডেন্ট রকি চ্যাং।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এপিকটা প্রেসিডেন্ট ফুলভিও ইনসেরা বলেন, এপিকটা শুধু একটা প্রতিযোগিতা না বরং এর থেকে বড় কিছু। এপিকটায় এখন ১৬টি অর্থনৈতিক অঞ্চল যুক্ত আছে যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। নেপাল এবং দক্ষিণ কোরিয়া যুক্ত হতে যাচ্ছে। এপিকটা নেটওয়ার্কিং এর বড় সুযোগ এবং অংশগ্রহণকারীদের এই সুযোগ কাজে লাগানো উচিত।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম অ্যাপিকটা অ্যাওয়ার্ডে অংশ নেয় বাংলাদেশ। সেবার একটি ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছিল দেশীয় প্রতিষ্ঠান ক্রান্তি অ্যাসোসিয়েটস। পরের বছর ২০১৭ সালে বাংলাদেশ নিজেই অ্যাপিকটা অ্যাওয়ার্ড আয়োজন করে। ২০১৯ সালে তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও পাঁচটি ক্যাটাগরিতে মেরিট স্বীকৃতি নিয়ে অ্যাপিকটায় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে বাংলাদেশ। ২০২১ সালে দুটি চ্যাম্পিয়ন আর দুটি মেরিটসহ চারটি পুরস্কার আসে বাংলাদেশে। তবে গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডে বাংলাদেশ অংশ নেয়নি। এবার ফের এই আয়োজনে বাংলাদেশ অংশ নিচ্ছে।







